২১ দিনের ব্যবধানে ডেঙ্গুতে দুই সন্তানকে হারালেন মা-বাবা
মশাবাহিত রোগ ডেঙ্গুতে মাত্র ২১ দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়েছেন মো. বাবুল হক ও নাজমিন আক্তার দম্পতি। তাঁদের দুই ছেলে মো. নাজমুল হাসান ইফতি (২৪) ও মো. ইনতিসার হাসান ইয়াস (১৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে।
নাজমুল হাসান ইফতি নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। আর ছোট ছেলে ইনতিসার হাসান ইয়াস পড়ত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নবম শ্রেণিতে।
দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা নাজমিন আক্তার। বৃহস্পতিবার তিনি বলেন, ‘ছোট মশা আমার পরিবারের সব আনন্দ নিয়ে চলে গেল। এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার আর কোনো অবলম্বন রইল না।’
পরপর দুই সন্তানের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোক। ডেঙ্গুর ভয়াবহতা একটি পরিবারকে কীভাবে নিঃস্ব করে দিতে পারে, এই ঘটনা তারই এক মর্মান্তিক উদাহরণ।