ইনানীর গ্যাসকূপে আগুন নিয়ন্ত্রণের কাজ, দগ্ধ ৫ কর্মী
কক্সবাজারের উখিয়ার ইনানীতে জ্বলন্ত গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে কারিগরি কাজ করার সময় দগ্ধ হয়েছেন পাঁচ কর্মী। তবে এ ঘটনায় কোনো বিস্ফোরণ ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
রোববার (২৯ নভেম্বর) সকালে কূপের মুখে কাজ করার সময় আগুনের তাপ ও শিখার সংস্পর্শে এসে তাঁরা দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে বাপেক্স।
বাপেক্সের প্রকল্প ব্যবস্থাপক আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপে নিয়মিত কারিগরি কার্যক্রমের অংশ হিসেবে কাজ করার সময় পাঁচ কর্মী দগ্ধ হন। তাঁদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আনিছুর রহমান আরও বলেন, এটি কোনো বিস্ফোরণের ঘটনা নয়। নিয়মিত অপারেশনের অংশ হিসেবে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে ইনানীর একটি গভীর নলকূপ থেকে নির্গত গ্যাসে আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে বাপেক্সের বিশেষজ্ঞ দল সেখানে কাজ করছে। এরই মধ্যে কূপের চারপাশে ৩০ ইঞ্চি ব্যাসের কেসিং পাইপ স্থাপন এবং ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্গমনের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন কারিগরি পদক্ষেপে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
বাপেক্স জানিয়েছিল, কূপের উপরিভাগের আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাসের চাপ পুরোপুরি নিরাপদ পর্যায়ে নামিয়ে আনতে আরও কিছু কারিগরি কাজ বাকি রয়েছে। পাশাপাশি পরবর্তী অনুসন্ধান কার্যক্রম শুরুর প্রস্তুতিও চলছে। এসব কাজের অংশ হিসেবেই রোববার সকালে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করে কূপে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মীরা। বাপেক্সের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন পুরোপুরি নির্বাপণ এবং কূপকে নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।