সৌদি আরবের জুবাইল ও জিজানে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, হামলার দাবি নিয়ে ধোঁয়াশা
সৌদি আরবের জুবাইল ও জিজানে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড, হামলার দাবি নিয়ে ধোঁয়াশাসৌদি আরবের জুবাইল ও জিজান অঞ্চলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি গ্যাস স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি করেছে কয়েকটি আঞ্চলিক সূত্র। একই সময়ে জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার-সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লাগার কথা জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।রোববার জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে আঞ্চলিক কয়েকটি সূত্র। এর কিছুক্ষণ পর জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে।তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, এটি হামলা ছিল কি না, কী ধরনের হামলা হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।অন্যদিকে, সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জিজানে সৌদি আরামকোর একটি শোধনাগার-সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় কোনো কারণ জানায়নি। তারা জানিয়েছে, এ ঘটনায় কেউ নিহত হননি।এর আগে কয়েকটি আঞ্চলিক সূত্র দাবি করেছিল, জিজানে সৌদি আরামকোর স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে এসব দাবির সত্যতা সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
জিজানের অগ্নিকাণ্ডের সঙ্গে জুবাইলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়। ঘটনাগুলো নিয়ে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।