ডেঙ্গুতে ১ দিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব রোগী হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ৮৬ জন।
এর আগে গত সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন। ওই মাসে এ রোগে মৃত্যু হয়েছিল ১৪৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে ১৭৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ২৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩২ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৩৪ জন, ময়মনসিংহে ১০০ জন, রাজশাহীতে ২৩০ জন, রংপুরে ৭০ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় একজন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮০৩ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।