হুতি হামলার আশঙ্কা, সৌদি আরব ভ্রমণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সতর্কতা
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরব ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বিমান চলাচলে বিঘ্নের আশঙ্কায় নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, সৌদি আরবে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা নতুন সতর্কতায় অস্ট্রেলিয়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে সরাসরি ‘ভ্রমণ করবেন না’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তাজনিত বিঘ্নের কারণে বিমানবন্দরটিতে যাতায়াত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে দেশটি।
এদিকে, সৌদি আরব নিয়ে ভ্রমণ সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে নিউজিল্যান্ড। দেশটির নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচলব্যবস্থা, জ্বালানি অবকাঠামো ও আবাসিক এলাকায় হুতিদের আন্তসীমান্ত হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়েছে। এসব হামলায় প্রাণহানির পাশাপাশি বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে দেশ দুটি।