ইরানের হামলার নিন্দায় সৌদি আরব, উপসাগরীয় অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার শঙ্কা কুয়েত, বাহরাইন ও জর্ডানের পাশে রিয়াদ; জ্বালানি ও পানি স্থাপনায় হামলার পরিকল্পনার দাবিসংবাদ: কুয়েত, বাহরাইন ও জর্ডানে ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে বেসামরিক স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র এবং সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে হামলারও নিন্দা জানিয়েছে দেশটি।শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুয়েত, বাহরাইন ও জর্ডানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক হামলায় রিয়াদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি হামলার জবাবে সংশ্লিষ্ট দেশগুলো যে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে, তার প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব।বিবৃতিতে অবিলম্বে সব ধরনের সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সংঘাতের আরও বিস্তার রোধ করা জরুরি।এদিকে, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট স্পেকটেটর দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকায় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, পানি পরিশোধন ও ডিস্যালিনেশন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরান।প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে কুয়েতসহ উপসাগরীয় কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোও ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। একই সূত্রের ভাষ্য, ইরান এখন তুলনামূলক বেশি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে সেগুলো যাচাই করা সম্ভব হয়নি।