সৌদি আরব লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
তবে হামলায় কতটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি জোট। এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, তাইফ ও নারজান শহরে সতর্কতা জারি করা হয়েছিল। কিছুক্ষণ পর সতর্কতা প্রত্যাহার করা হয়। এর পরপরই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় সৌদি জোট।
সতর্কতা জারির সময় সৌদি সরকার সাধারণ মানুষকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও ধারণ না করার আহ্বান জানিয়েছিল।
এদিকে ক্ষেপণাস্ত্র হামলার আগে ইয়েমেনের হোদেইদা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও তেল স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছে হুথিরা।
সোমবার হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, লোহিত সাগরের উপকূলে অবস্থিত রাস ইসা বন্দরে প্রথমে হামলা চালানো হয়। এতে চারজন বেসামরিক নাগরিক আহত হন। পরে বাজিল জেলার একটি তেল স্থাপনায় হামলা চালানো হলে সেখানে আরও তিনজন আহত হন।
আহত ব্যক্তিরাও বেসামরিক নাগরিক বলে দাবি করেন হুথিদের এই কর্মকর্তা।
আনিস আলসাবাহি বলেন, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ বন্দরে বারবার হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। ইয়েমেনের বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার মাধ্যমে সংঘটিত যুদ্ধাপরাধের তালিকায় এটি আরও একটি সংযোজন।
সূত্র: আল-জাজিরা।