দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ, আটক ৭০০-এর বেশি
ভারতের দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) নিয়ে অনিয়ম ও ব্যাপকভাবে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে আম আদমি পার্টির (আপ) নেতাকর্মীসহ ৭০০-এর বেশি মানুষকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভের ডাক দেয় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র ও যুব সংগঠন। এতে আপের পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা), স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), এনএসইউআই ও ডিওয়াইএফআইসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পুলিশের ভাষ্য, নিরাপত্তা এবং বড় ধরনের জমায়েতের আশঙ্কায় বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। পরে যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে প্রায় ৭০০ বিক্ষোভকারীকে আটক করা হয়। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।
যন্তর মন্তরে পৌঁছানোর পর আপের দিল্লি সভাপতি সৌরভ ভরদ্বাজ ও বিধায়ক সঞ্জীব ঝাকে আটক করা হয়। দলটির নেত্রী আতিশিকেও হেফাজতে নেওয়া হয়। রাজ্যসভা সদস্য সঞ্জয় সিংকে নর্থ অ্যাভিনিউ এলাকায় আটকে দেওয়া হলে তিনি সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে অবস্থান নেন।
সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন, গণতান্ত্রিকভাবে নিজেদের দাবি জানানোর অধিকার প্রয়োগ করতেই তারা বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তাঁর দাবি, আপ প্রায় এক সপ্তাহ আগেই বিক্ষোভের অনুমতি চেয়ে আবেদন করেছিল।
আতিশির অভিযোগ, শান্তিপূর্ণভাবে যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে বাসে তুলে ফতেহপুর বেরি থানায় নিয়ে যায়।
এদিকে ছাত্র ও যুব সংগঠনগুলোর নেতাকর্মীরাও বিভিন্ন জায়গায় পুলিশের বাধার মুখে পড়েন। এনএসইউআইয়ের জাতীয় সভাপতি বিনোদ ঝাখরসহ সংগঠনটির কয়েকজন কর্মী এবং এসএফআই ও ডিওয়াইএফআইয়ের কর্মীদের আটকের অভিযোগ পাওয়া গেছে।
বিক্ষোভকে কেন্দ্র করে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, ব্যারিকেড ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। কয়েক হাজার মানুষের জমায়েতের আশঙ্কায় এলাকায় নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছিল।
নিরাপত্তার কারণে কেন্দ্রীয় দিল্লির ১২টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি কেন্দ্রীয় দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে দিল্লি মেট্রো রেল করপোরেশন জানায়, ওই ১২টি স্টেশনের সব গেট আবার খুলে দেওয়া হয়েছে।