২০ লাখ ব্যারেল তেল নিয়ে হরমুজ প্রণালিতে ডুবল সুপারট্যাংকার, মাইন বিস্ফোরণের দাবি ইরানের
হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল নিয়ে ডুবে গেছে একটি বিশাল তেলবাহী সুপারট্যাংকার। নৌমাইনের আঘাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর জাহাজটি ডুবে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে এ ঘটনার বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৫ নভেম্বর) হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অনুমোদনহীন পথে চলাচলের সময় দুটি তেলবাহী জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে বলে দাবি করেছে আইআরজিসি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গত কয়েক ঘণ্টায় হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অনুমোদনহীন পথে চলাচলকারী দুটি তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজটি উপসাগরের দক্ষিণ জলসীমায় ডুবে গেছে। তবে জাহাজ দুটির নাম কিংবা মালিকানা সম্পর্কে কোনো তথ্য জানায়নি ইরান।
ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে তেহরান। ইরানের দাবি, এই জলপথ দিয়ে চলাচল করতে হলে দেশটির কাছ থেকে অনুমোদন নিতে হবে এবং নির্ধারিত পথ ব্যবহার করতে হবে।
অনুমতি ছাড়া জাহাজ চলাচল ঠেকাতে সরাসরি হামলা ও নৌমাইন ব্যবহারের মতো পদক্ষেপ নেওয়ার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। গত কয়েক সপ্তাহে হরমুজ প্রণালিতে একাধিক জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে তেহরান। এসব ঘটনার কয়েকটিতে মাইনের আঘাতের দাবি করা হয়েছে।
এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে ট্যাংকার চলাচলে নিরাপত্তা সহায়তা দিচ্ছে ওয়াশিংটন। তবে এরপরও এই জলপথে জাহাজে হামলার খবর পাওয়া যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত মাসে জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা।
অন্যদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে হামলার বিষয়ে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষের পাঠানো প্রতিবেদন সম্পর্কে তারা অবগত। তবে এই হামলার সঙ্গে ইরানের ঘোষিত ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
ইউকেএমটিও জানিয়েছে, হামলায় জাহাজটির কী পরিমাণ ক্ষতি হয়েছে কিংবা পরিবেশের ওপর এর কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনো জানা যায়নি। তবে জাহাজের নাবিকেরা নিরাপদে রয়েছেন।
সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে। তবে সেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড