ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে নতুন দফায় বিমান হামলা চালানোর দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, অত্যন্ত নিখুঁত ও নির্ভুল হামলার মাধ্যমে ইরানের ভেতরে ৮০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।সেন্টকমের দাবি, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় কৌশলগত রাডার স্টেশন এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে বলেও দাবি করেছে ওয়াশিংটন।মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালী এবং এর আশপাশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ৬০টির বেশি ছোট যুদ্ধজাহাজ ও স্পিডবোটেও একযোগে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈশ্বিক বাণিজ্যের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।সেন্টকম আরও দাবি করেছে, মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রমকারী তিনটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের কথিত হামলার জবাব হিসেবেই এই পাল্টা বিমান হামলা চালানো হয়েছে।তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তেহরান বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ স্বীকার বা অস্বীকার—কোনোটিই করেনি।মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সর্বশেষ এই হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা