মক্কার গ্র্যান্ড মসজিদে ‘আত্মঘাতী হামলা’—ভাইরাল দাবি মিথ্যা: সৌদি কর্তৃপক্ষ
সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা ঠেকানোর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে মিথ্যা বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।
শুক্রবার (২ অক্টোবর) সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানায়, পবিত্র মক্কা নগরীতে পথচারীদের হয়রানি এবং তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার চেষ্টা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সত্য নয়। এ ধরনের সংবাদের ক্ষেত্রে জনগণকে সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে একটি পুরোনো ভিডিও নতুন ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দাবি করা হয়, গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা করা হয়েছিল এবং সৌদি নিরাপত্তা বাহিনী তা নস্যাৎ করেছে।
তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০১৭ সালের ফেব্রুয়ারির একটি ঘটনার ভিডিও। এতে কাবার কাছে এক সৌদি নাগরিককে নিজের পোশাকে পেট্রল ঢালতে দেখা যায়। সে সময় ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিলেন বলে জানানো হয়েছিল।
সৌদি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি কোনো বিস্ফোরক বেল্ট ব্যবহার করে আত্মঘাতী হামলার ঘটনা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ঘটনাটিকে নতুন করে ‘আত্মঘাতী হামলা’ হিসেবে উপস্থাপন করায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
সূত্র: মিডলইস্ট মনিটর