ব্যক্তি বা দলকেন্দ্রিক নয়, ভারতের সঙ্গে সম্পর্ক হবে জনগণকেন্দ্রিক: জাহেদ উর রহমান
গত ১৭ বছরে ব্যক্তি বা দলকেন্দ্রিকভাবে যে ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, সেই ধারায় আর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নির্ধারিত হবে জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে।
মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে এমন একটি ধারণা রয়েছে যে, আগের সরকার ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের সঙ্গে বিশেষ ধরনের সম্পর্কের সুবিধা পেয়েছে। জনমনে থাকা এই ধারণা এবং অতীত অভিজ্ঞতার কারণে দুই দেশের সম্পর্ককে নতুন ভিত্তিতে পুনর্বিন্যাস করা প্রয়োজন।
তিনি বলেন, আগে ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, ভবিষ্যতে তা কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকেন্দ্রিক হওয়া উচিত নয়। বরং দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক তৈরি করতে হবে।
ভারতও এখন জনগণের সঙ্গে সম্পর্কের কথা বলছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, এটি ইতিবাচক দিক।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক হতে হবে দুই স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের মধ্যকার সম্পর্কের মতো।
ভারতের নিরাপত্তা নিয়ে তাদের নিজস্ব বক্তব্য থাকতে পারে, বাংলাদেশেরও নিজস্ব বক্তব্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। তবে সেই আলোচনা হতে হবে দুটি স্বাধীন ও সার্বভৌম দেশের পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে।