রাজধানীর ডেমরায় আরেফিন বেগম (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে দুর্গাপুর মাঝপাড়া এলাকার একটি বাসা থেকে আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। নিহতের তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে।
ডেমরা থানার এসআই তোফায়েল আহমেদ জানান, ৯ আগস্ট ছিল আরেফিনের বিবাহবার্ষিকী। ওই দিন শিশুসন্তানের অসুস্থতা নিয়ে স্বামী ইয়াছিনের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় বলে জানা গেছে। একপর্যায়ে আরেফিন একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে কক্ষের ভেতর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১০ আগস্ট) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।