ভারতের নিরাপত্তাবিরোধী কাজে ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না: মোদিকে মিন অং হ্লাইং
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং আশ্বস্ত করেছেন, ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ডে মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। বৈঠকে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানান, মোদি মিয়ানমারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি ভারতের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে উভয় দেশ একমত হয়েছে যে, কোনো দেশের ভূখণ্ড যেন অন্য দেশের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়।
যৌথ বিবৃতিতে মোদি মিয়ানমারকে ভারতের একটি ‘বিশ্বস্ত ও অবিচল অংশীদার’ হিসেবে উল্লেখ করে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দেন। এছাড়া মিয়ানমারের চলমান শান্তি প্রক্রিয়ায় স্থায়ী শান্তি, অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং সব পক্ষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বলেন, মিয়ানমারের সঙ্গে এই যোগাযোগ দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার মূল্যায়ন নয়; বরং কৌশলগত স্বার্থ রক্ষার অংশ। তিনি সতর্ক করে বলেন, মিয়ানমার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়লে অন্য শক্তির প্রভাব বাড়তে পারে, যা ভারতের জন্য ক্ষতিকর হতে পারে।
এদিকে, দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে কালাদান মাল্টি-মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপক্ষীয় মহাসড়কের কাজ দ্রুত শেষ করার বিষয়ে উভয় দেশ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।