চট্টগ্রামের দুই স্থানে ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম নগরী ও আনোয়ারায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। সোমবার নগরীর জিইসি মোড় এবং আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকায় পৃথকভাবে এসব মিছিলের ঘটনা ঘটে। মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তৎপর হয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করেন ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা। তাদের বহন করা ব্যানারে ‘এমইএস কলেজ ছাত্রলীগ শাখা’ লেখা ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে সানমার ওশান সিটি শপিংমল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় বিভিন্ন দলীয় স্লোগান দেওয়া হয়।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, একই দিন সকালে আনোয়ারার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায়ও ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় মিনিটের ভিডিওতে কয়েকজন তরুণকে দলীয় স্লোগান দিতে দেখা যায়। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। ঘটনাটি আনোয়ারায় ঘটেছে কি না তা যাচাই করা হচ্ছে। সত্যতা মিললে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।