একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম, আনন্দে মাতোয়ারা প্রবাসীর পরিবার
মৌলভীবাজারের কুলাউড়ায় একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। সৌদি আরবপ্রবাসী সাইদুল ইসলাম রিজনের পরিবারে চার নবজাতকের আগমনে আনন্দের বন্যা বইছে। এ ঘটনায় খুশি পরিবারের সদস্য ও স্বজনেরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। বর্তমানে মা ও চার নবজাতক হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
প্রবাসী সাইদুল ইসলাম রিজনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামে।
একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মা ও নবজাতকদের শুভকামনা জানাতে থাকেন অনেকে।
পরিবারের সদস্যরা জানান, একসঙ্গে চার নতুন অতিথির আগমনে তাঁরা আনন্দিত। মা ও নবজাতকেরা সুস্থ আছেন।
সাইদুল ইসলাম রিজনের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দিলোয়ারুস শাদাৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ও নবজাতকেরা ভালো আছেন। এমন খবরে পরিবারের সবাই আনন্দিত।