রাশিয়ার কেমেরোভোতে সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
আকাশে আগুন ধরে নিচে আছড়ে পড়ে বিস্ফোরণ, প্রাথমিকভাবে এএন-১২ শনাক্ত
কেমেরোভো (রাশিয়া): রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিমানটিকে রুশ সামরিক বাহিনীর এএন-১২ মডেলের বলে শনাক্ত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) কেমেরোভোর আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার বরাতে দ্য কাস্পিয়ান পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আকাশেই আগুন, এরপর বিস্ফোরণ
প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে সেটি দ্রুত নিচে নামতে থাকে এবং মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
গভর্নর যা বললেন
কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক টেলিগ্রামে ইয়াগুনোভো এলাকায় একটি "বিমান দুর্ঘটনার" কথা জানান। তিনি দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান। সেখানে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছেন। আঞ্চলিক প্রশাসন থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।
পরে এক ভিডিও বার্তায় গভর্নর জানান, দুর্ঘটনার আগে বিমানটি ওই অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
সূত্র: দ্য কাস্পিয়ান পোস্ট, ইজভেস্তিয়া