দাবি না মানা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ কিংবা দীর্ঘদিন ধরে আলোচনা—কোনোটিই চায় না ইরান। তবে ওয়াশিংটন ইরানের দাবি মেনে না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। বুধবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বাঘের গালিবাফ বলেন, যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্যকে রাজনৈতিক অঙ্গনেও সুসংহত করতে হবে। তিনি বলেন, ‘যখনই আমরা যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন করব, তখন রাজনৈতিক অঙ্গনেও সেই বিজয়ের ভিত্তি সুদৃঢ় করতে হবে।’
ইরানের পার্লামেন্টের স্পিকারের ভাষ্য, এর অর্থ অন্তহীন যুদ্ধ কিংবা দীর্ঘস্থায়ী আলোচনা নয়। তিনি বলেন, ‘আমরা শত্রুকে ক্লান্ত করে তুলতে লড়াই করি, যাতে তারা আমাদের দাবি মেনে নিতে বাধ্য হয়।’
এদিকে হরমুজ প্রণালির কাছে দুটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি জাহাজে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু আঘাত হানে। অন্য জাহাজটি সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত পেয়ে ডুবে যায় বলে জানা গেছে।
ওই অঞ্চলে অব্যাহত হামলার কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
অন্যদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। এ ছাড়া ইরান তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হারিয়েছে বলেও দাবি করেন তিনি।
অ্যারিজোনার বুলহেড সিটিতে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের প্রথম সারির নেতাদের পর দ্বিতীয় ও তৃতীয় সারির নেতারাও হামলার শিকার হয়েছেন। তাঁর দাবি, ইরানের পক্ষ থেকে তাঁকে আর কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছিল এবং তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন।