ইরাকের কাছে ৮০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ইরাকের কাছে প্রায় ৮০ কোটি মার্কিন ডলার মূল্যের বেল হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তির আওতায় ইরাককে হেলিকপ্টারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে।
চুক্তিটির মূল ঠিকাদার হিসেবে কাজ করবে টেক্সাসের ফোর্ট ওয়ার্থভিত্তিক প্রতিষ্ঠান বেল-টেক্সট্রন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, কৌশলগত অংশীদার ইরাকের নিরাপত্তা সক্ষমতা জোরদারে এই সামরিক সরঞ্জাম বিক্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যও এগিয়ে যাবে।
বিবৃতিতে আরও বলা হয়, এসব সরঞ্জাম ইরাকের হেলিকপ্টারভিত্তিক পরিবহন, নজরদারি ও আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়াবে। ফলে বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইরাকের সক্ষমতা আরও শক্তিশালী হবে।
সূত্র: আল জাজিরা