গাজায় ৩১৫ দিনে ইসরায়েলের ৪,৩৭৯ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ৩১৫ দিনে ইসরায়েলি বাহিনী ৪ হাজার ৩৭৯ বার চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। এসব ঘটনায় ১ হাজার ২৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ২৫৭ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সরকারি মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ সময়ে ১৮০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮১৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে ৮ হাজারের বেশি মানুষের মরদেহ চাপা পড়ে রয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ৩১৫ দিনে গাজায় ১ লাখ ৮৯ হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা ছিল। তবে বাস্তবে প্রবেশ করেছে ৬৬ হাজার ৬০৭টি ট্রাক, যা নির্ধারিত সংখ্যার মাত্র ৩৫ শতাংশ।
এ ছাড়া রাফাহ ক্রসিং দিয়ে ২৯ হাজার ৮০০ জনের যাতায়াতের অনুমতি দেওয়ার কথা থাকলেও বাস্তবে চলাচলের সুযোগ পেয়েছেন ১১ হাজার ৭৫৯ জন। অর্থাৎ প্রত্যাশিত যাতায়াতকারীদের মাত্র ৩৯ শতাংশ এ সুযোগ পেয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের এসব তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও উপত্যকাটিতে হামলা ও মানবিক সহায়তা প্রবেশে নানা বাধার অভিযোগ অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা