প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
গাজায় ৩১৫ দিনে ইসরায়েলের ৪,৩৭৯ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
||
গাজায় ৩১৫ দিনে ইসরায়েলের ৪,৩৭৯ যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ৩১৫ দিনে ইসরায়েলি বাহিনী ৪ হাজার ৩৭৯ বার চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। এসব ঘটনায় ১ হাজার ২৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ২৫৭ জন আহত হয়েছেন।সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সরকারি মিডিয়া অফিস জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ সময়ে ১৮০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮১৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে ৮ হাজারের বেশি মানুষের মরদেহ চাপা পড়ে রয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ৩১৫ দিনে গাজায় ১ লাখ ৮৯ হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা ছিল। তবে বাস্তবে প্রবেশ করেছে ৬৬ হাজার ৬০৭টি ট্রাক, যা নির্ধারিত সংখ্যার মাত্র ৩৫ শতাংশ।এ ছাড়া রাফাহ ক্রসিং দিয়ে ২৯ হাজার ৮০০ জনের যাতায়াতের অনুমতি দেওয়ার কথা থাকলেও বাস্তবে চলাচলের সুযোগ পেয়েছেন ১১ হাজার ৭৫৯ জন। অর্থাৎ প্রত্যাশিত যাতায়াতকারীদের মাত্র ৩৯ শতাংশ এ সুযোগ পেয়েছেন।গাজার সরকারি মিডিয়া অফিসের এসব তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও উপত্যকাটিতে হামলা ও মানবিক সহায়তা প্রবেশে নানা বাধার অভিযোগ অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪