র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রস্তাবিত আইনে র্যাবের পরিবর্তে পুলিশ বাহিনীর আওতায় এসআরবি গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
আইন অনুযায়ী, র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে স্থানান্তর করা হবে। নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত বিদ্যমান র্যাবের বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থাও রাখা হয়েছে।
কাঁচামরিচ-টমেটো আমদানিতে শুল্ক-কর কমছে
মন্ত্রিসভা কাঁচামরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাবও অনুমোদন করেছে। বাজারে এসব পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বর্তমানে এসব পণ্যে মোট করভার ৬১ শতাংশ থেকে কমিয়ে প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে ২০ দশমিক ৫ শতাংশ এবং পরের মাসে ৩১ শতাংশ নির্ধারণ করা হবে।
বদলাচ্ছে বাংলাদেশের অর্থবছর
মন্ত্রিসভা বাংলাদেশের অর্থবছরের সময় পরিবর্তনের সিদ্ধান্তও নিয়েছে। বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ।
সরকারের বিবেচনায়, বর্ষাকালে অবকাঠামো উন্নয়নকাজ চলমান থাকায় কাজের গুণগত মান ও বাস্তবায়নে সমস্যা হয়। নতুন সময়সূচি চালু হলে বর্ষা শুরুর আগেই উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে।
২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তীকালীন বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে অর্থবছর শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়সীমায় নতুন অর্থবছর কার্যকর হবে।
২০৩৫ সালের মধ্যে শিশুদের রক্তে সিসা ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য
সিসা দূষণ ও বিষক্রিয়া কমাতে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টি-ইয়ার অ্যাকশন প্ল্যান ফর এ লিড ফ্রি বাংলাদেশ (২০২৬-২০৩৫)’-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে ভিত্তিমানের তুলনায় শিশুদের রক্তে সিসার মাত্রা ৫০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, সিসা দূষণ শনাক্তকরণ, নজরদারি, নীতি ও বিধিমালা, গবেষণা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট জয়কে মন্ত্রিসভার অভিনন্দন
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
গত ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায়। এটিই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
মন্ত্রিসভা বাংলাদেশ দলের অধিনায়ক, খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
১৭ বৈঠকে ১০৮ সিদ্ধান্ত, বাস্তবায়ন ৭৪ শতাংশ
মন্ত্রিসভা বৈঠকে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনও উপস্থাপন করা হয়। প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে।
এসব বৈঠকে নেওয়া ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি, অর্থাৎ ৭৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বাকি ২৮টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।
এ ছাড়া সিদ্ধান্ত বাস্তবায়ন ত্বরান্বিত করতে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে সাতটি নীতি, কর্মকৌশল বা কর্মপরিকল্পনা মন্ত্রিসভা অনুমোদন করেছে।
সূত্র: বাসস