হাসপাতালের বিল পরিশোধে অক্ষম প্রসূতির পাশে জামায়াত, নবজাতকসহ ফিরলেন নিরাপদে বাড়ি
সাভারে হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে চরম সংকটে পড়া এক অসহায় প্রসূতি ও তার নবজাতকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা। দলটির সহযোগিতায় হাসপাতালের বকেয়া বিল পরিশোধের পর নবজাতক সন্তানকে নিয়ে নিরাপদে বাড়ি ফিরেছেন ওই নারী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম এ তথ্য জানান।
জানা যায়, গত ৮ জুলাই সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন ইসলামিয়া ডিজিটাল হাসপাতালে এক নারী একটি ছেলে সন্তানের জন্ম দেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় সাত দিন ধরে তিনি হাসপাতালেই আটকে ছিলেন। স্বজনদের সহযোগিতাও না পাওয়ায় হতাশ হয়ে নবজাতককে বিক্রি করার কথাও ভাবছিলেন বলে জানা গেছে।
এ ঘটনা জানতে পেরে গত ১৫ জুলাই রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার একটি প্রতিনিধিদল হাসপাতাল পরিদর্শনে যায়। প্রতিনিধিদলে ছিলেন জেলা রাজনৈতিক সেক্রেটারি ও সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লাহ এবং জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন হাওলাদারের সহযোগিতায় প্রতিনিধিদলটি প্রসূতির চিকিৎসা ও হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করে। পরে নবজাতক সন্তানসহ তাকে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।
সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত ওই নারী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাওয়া এই সহায়তা তিনি কখনও ভুলবেন না।
এ বিষয়ে জামায়াত নেতারা বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।