খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ১
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. মাজহারুল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বিস্ফোরণের পর পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে এক ব্যক্তি খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেটের পাশে অবস্থিত বাটা শোরুমের সাইনবোর্ড লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় খিলগাঁও থানা-পুলিশ তাঁকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।