দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত সময়ে ঢাকা বিভাগে এ তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৯৬ শিশু। এ ছাড়া নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ শনাক্ত হয়েছে মোট ৯৫ হাজার ৭৬০ জনের।
একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৯৩ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৩৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ হাজার ৬৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৫ হাজার ৮৮২ জন।