একটি পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে 'কোচিং সেন্টার' বলে মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বক্তব্যটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে এবং শিক্ষার্থীরা বিক্ষোভের ডাক দেন।
বিক্ষোভের ডাক
শুক্রবার সন্ধ্যায় টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী।
প্রতিমন্ত্রীর সাফাই ও প্রত্যাহার
তুমুল সমালোচনার মুখে শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে বক্তব্য সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দেন ববি হাজ্জাজ। তবে দাবি করেন, তার বক্তব্য 'ভুলভাবে উপস্থাপন' করা হয়েছে এবং এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।
তিনি বলেন, পডকাস্টের আলোচনাটি ছিল অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বা মর্যাদা খাটো করা তার উদ্দেশ্য ছিল না। বরং তিনি চান বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আরও শক্তিশালী হোক।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে উচ্চশিক্ষায় গবেষণার প্রতি অবহেলা, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ এবং প্লেজারিজমের মতো সমস্যাগুলো নিয়েই তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন।
সবশেষে বলেন, বক্তব্যে অনেকে কষ্ট পাওয়ায় তিনি মন্তব্যটি প্রত্যাহার করে নিচ্ছেন।