গোপালগঞ্জে হাসপাতালে আগুন, আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ
গোপালগঞ্জে রামদা ও কুড়াল হাতে মহড়া দিয়ে একটি হাসপাতালে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনা ঘটে।
চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।
পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধক্ষেত্রে হাসপাতালে হামলার ঘটনা দেখা গেছে। আওয়ামী লীগ কি সেই পথে যেতে চাইছে? তাঁর মতে, এ ধরনের অপরাধ যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে ইচ্ছাকৃত হামলা নির্দিষ্ট শর্তে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন এবং ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের সুরক্ষার বিধান রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির ৮ অনুচ্ছেদেও নির্দিষ্ট পরিস্থিতিতে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানে ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনায় রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।