নামাজ শেষে হাসপাতালে ফেরার পথে প্রাণ গেল দোকানির, দুই মোটরসাইকেলের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু
নামাজ শেষে হাসপাতালে ফেরার পথে প্রাণ গেল দোকানির, দুই মোটরসাইকেলের ধাক্কায় মর্মান্তিক মৃত্যুঅসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজে গিয়েছিলেন আলমগীর; দুর্ঘটনার পর হাসপাতালে মৃত্যু, মোটরসাইকেল জব্দনিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ আদায় করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না এক দোকানির। নামাজ শেষে হাসপাতালে ফেরার পথে পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. আলমগীর (৫৬) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তালুকদারপাড়া এলাকার বাসিন্দা। হাসপাতালের পাশেই তার একটি ভাতের হোটেল ছিল।স্থানীয়দের বরাতে জানা যায়, অসুস্থ স্ত্রী কমরুন্নেছাকে চিকিৎসার জন্য সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান আলমগীর। স্ত্রীকে হাসপাতালে রেখে তিনি পাশের একটি মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে হাসপাতালে ফেরার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চলে যায়।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।