হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচেই মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে মারিয়া মান্দার দল।
ভারতের গোয়ায় অবস্থিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। আর ম্যাচের একেবারে শুরুতেই অবিশ্বাস্য কীর্তি গড়েন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।
খেলা শুরুর মাত্র ১১ সেকেন্ডের মাথায় মালদ্বীপের জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। অনেকের ধারণা, এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসের দ্রুততম গোল হতে পারে।
আনিকার দ্রুত গোলের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ দল। পুরো ম্যাচজুড়ে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই হারের ফলে টানা দুই ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে মালদ্বীপের।
এর আগে, গত ২৫ মে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মালদ্বীপকে ১১-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল। ফলে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে এগিয়ে থাকতে বাংলাদেশের লক্ষ্য ছিল বড় ব্যবধানের জয়।
দুর্দান্ত এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি শিরোপা ধরে রাখার মিশনেও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ নারী দল।