ড্রোন হামলার শঙ্কা, রাতে সামরিক বিমান সরিয়ে নিচ্ছে ব্রিটেন
সম্ভাব্য ড্রোন হামলার ঝুঁকি থেকে সামরিক বিমান সুরক্ষিত রাখতে রাতে সেগুলো হ্যাঙ্গার ও বিশেষ শেল্টারে সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ)। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস ও স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উন্মুক্ত স্থানে থাকা বিমানগুলো সুরক্ষিত রাখতে অ্যান্টি-ড্রোন নেট বা বিশেষ জাল ব্যবহারের পরিকল্পনাও করছে ব্রিটিশ বিমানবাহিনী। তবে এ বিষয়ে কোনো সূত্রের নাম উল্লেখ করেনি সংবাদমাধ্যম দুটি। প্রতিবেদন সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫ মঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে অন্তর্ঘাতমূলক হুমকি বৃদ্ধির বিষয়ে সতর্কবার্তা জারি করে। এর পাশাপাশি দেশটির সামরিক ঘাঁটিগুলোতে ইরান-সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে, এমন কয়েকটি ঘটনার পর বিমান সুরক্ষায় নতুন পদক্ষেপের খবর সামনে এল।
চলতি মাসের শুরুতে আরেকটি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। এর কয়েক দিন পর ওই ঘাঁটিতে সন্দেহজনক ড্রোন তৎপরতার জবাবে ব্যবস্থা নেন মার্কিন বিমানবাহিনীর সদস্যরা।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, সেপ্টেম্বরের একটি ঘটনার পর ইরান-সংশ্লিষ্ট হুমকির কারণে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
এ ছাড়া ফেয়ারফোর্ড ঘাঁটির আশপাশে সন্দেহজনক তৎপরতার খবরের পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষের ধারণা, ওই ঘটনার সঙ্গে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে।
সূত্র: গালফ নিউজ, দ্য টাইমস ও স্কাই নিউজ।