বাহরাইনে ইরানের ড্রোন হামলার জবাবে কেশম দ্বীপে মার্কিন পাল্টা আঘাত
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ক্ষয়ক্ষতি হয়নি বলছে ইরান
ডেস্ক: বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগের পরপরই ইরানের কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন করে বেড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ড্রোন হামলা নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি
মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বাহরাইনে তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ছোড়া ওই ড্রোন আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে মার্কিন বাহিনী। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহরের অবস্থান।
অন্যদিকে আইআরজিসি দায় স্বীকার করে জানায়, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ও উসকানির জবাবেই এই পদক্ষেপ বলে দাবি তাদের।
জবাবে কেশম দ্বীপে হামলা
ইরানের আগ্রাসনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে পাল্টা হামলার সিদ্ধান্ত নেয়। আত্মরক্ষার যুক্তি দেখিয়ে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এর অংশ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলার দাবি করেছে মার্কিন পক্ষ।
ইরানের হরমোজগান প্রদেশের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা দ্বীপের বেশ কয়েকটি স্থানে মার্কিন হামলার কথা নিশ্চিত করেন। তবে তাঁর দাবি, হামলায় কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
মিশরের নিন্দা
বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে এমন আগ্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।
দুই দেশের সরাসরি পাল্টাপাল্টি হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।
সূত্র: আল জাজিরা