প্রায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
খাগড়াছড়ির গুইমারা সেক্টরের অধীন তিন ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবা ও বিভিন্ন ধরনের তামাকজাত দ্রব্য।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।