রাশিয়ার ড্রোন হামলায় কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে নিহত ২, আহত ভারতীয় নাবিক
কৃষ্ণসাগরে রুমানিয়ার জলসীমার বাইরে তুরস্কের মালিকানাধীন একটি বেসামরিক পণ্যবাহী জাহাজে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুই নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক ভারতীয়সহ কয়েকজন নাবিক আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।
রুমানিয়ায় ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘এমভি রিয়াদ মামাদোভ’ নামের জাহাজটিতে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা তিন ভারতীয় নাবিকের মধ্যে একজন আহত হয়েছেন। তাকে রুমানিয়ার কনস্টান্টা কাউন্টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রুমানিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত মনোজ মহাপাত্র আহত নাবিকসহ অন্যদের সঙ্গে কথা বলেছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
এদিকে বেসামরিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, কৃষ্ণসাগর থেকে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বেসামরিক জাহাজে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাশিয়া-ইউক্রেন সংঘাত সমাধানে আলোচনা ও কূটনীতিই একমাত্র পথ বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ড্রোন হামলায় জাহাজটির ক্যাপ্টেন নিহত হয়েছেন। আরও একজনের পরিণতি এখনো জানা যায়নি। হামলার পর ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ভারতীয় ও আজারবাইজানের নাগরিক রয়েছেন।
এর আগে গত রোববার ইউক্রেনের সুমি অঞ্চলে ভারতীয় মালিকানাধীন একটি ওষুধের গুদামেও রাশিয়ার হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ৫২ বছর বয়সী এক কর্মী নিহত হন।
সূত্র: এনডিটিভি