৭ শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতায় নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরান। রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ অবস্থানের কথা জানান।
গালিবাফ বলেন, ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। সমঝোতা অনুযায়ী সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ইরান যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল। এতে বলা হয়েছিল, নির্ধারিত শর্তগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। কাতারের মধ্যস্থতায় গত সপ্তাহে ওই প্রস্তাবের জবাব দেয় ওয়াশিংটন।
গালিবাফের অভিযোগ, কূটনৈতিক প্রক্রিয়া দীর্ঘায়িত করে একতরফা দাবি চাপিয়ে দেওয়ার সময় শেষ হয়ে গেছে। ইরানের অবস্থান পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন বলেও জানান তিনি।
পারমাণবিক আলোচনা নিয়ে অনড় তেহরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার পর মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে নিজেদের অবস্থান জানানো হয়েছে। তবে আরও কিছু বিষয় যুক্তরাষ্ট্রকে জানানো বাকি রয়েছে।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো মূলত তাদের আগের অবস্থানের কাছাকাছি, বিশেষ করে পারমাণবিক ইস্যুতে। তবে এই মুহূর্তে ইরানের প্রধান মনোযোগ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার দিকে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শনের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে—এমন খবরও অস্বীকার করেন তিনি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয়ে এখনো কোনো আলোচনা শুরু করেনি তেহরান।
এদিকে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে যে নথি নিয়ে আলোচনা চলছে, তাতে সাত দিনের একটি আস্থা তৈরির প্রক্রিয়ার কথা রয়েছে। এর মাধ্যমে জুনে হওয়া সমঝোতাকে আরও উন্নত কাঠামোয় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাবের হুঁশিয়ারি
তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরান কূটনীতির পথেই অগ্রসর হতে চায়। তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপ নিলে ইরানও জবাব দিতে প্রস্তুত।
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র সামরিক সমাধানের পথে এগোলে এবার আগের তুলনায় আরও বেশি প্রস্তুত থাকবে ইরান এবং নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, দেশটি তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর পরিকল্পনা করছে।