ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ, ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর কুর্মিটোলা এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাফিজুর রহমান (২৫) গতকাল বুধবার সন্ধ্যায় রেললাইনের পাশে আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনে উঠেছিলেন হাফিজুর।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে হাফিজুরকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তবে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, নাকি অন্য কোনোভাবে ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন—তা এখনো নিশ্চিত নয়।
ঢাকা রেলওয়ে থানা জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হাফিজুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।