রাহুল গান্ধীর সঙ্গে জয়ের সাক্ষাতের দাবি, ভাইরাল ছবিটি এআই তৈরি
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎ করেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ভুয়া বলে জানিয়েছে অনুসন্ধান।
‘Shahidullah Osmani’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৩ সেপ্টেম্বর ছবিটি পোস্ট করে দাবি করা হয়, রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনার ‘রাজকীয় প্রত্যাবর্তন’ এবং তাঁকে সর্বোচ্চ সামরিক প্রটোকল দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে পোস্টটিতে কথিত সাক্ষাতের স্থান বা সময় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
ছবিটি যাচাই করতে সজীব ওয়াজেদ জয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে অনুসন্ধান করা হলেও এ ধরনের কোনো সাক্ষাৎ বা ছবি সংবলিত পোস্ট পাওয়া যায়নি। রাহুল গান্ধীর ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দেশি-বিদেশি গণমাধ্যমেও জয় ও রাহুল গান্ধীর এমন কোনো বৈঠকের খবর প্রকাশিত হয়নি।
অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ছবিটির সঙ্গে সম্প্রতি ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের একটি ছবির মিল রয়েছে। পাশাপাশি ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত রাহুল গান্ধী ও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার একটি ছবির সঙ্গেও ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়।
চলতি বছরের মে মাসে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সিদ্দারামাইয়া নয়াদিল্লির ১০ জনপথে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে আলিঙ্গন করেন। বৈঠকে কর্ণাটকের রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি কি না, তা যাচাই করতে একাধিক কনটেন্ট শনাক্তকারী টুল ব্যবহার করা হয়। এর মধ্যে ‘Hive Moderation’-এর বিশ্লেষণে ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে দেখানো হয়েছে।
সুতরাং, রাহুল গান্ধীর সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাতের দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া ও এআই-নির্মিত। বাস্তবে তাঁদের এমন কোনো সাক্ষাতের প্রমাণ পাওয়া যায়নি।