বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত, পারেদেসের লাল কার্ড প্রত্যাহার
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছিল—এমন তথ্যও পরে আনুষ্ঠানিক নথি থেকে প্রত্যাহার করা হয়েছে।
ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ম্যাচ-পরবর্তী ঘটনাগুলো তদন্ত করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের সত্যতা যাচাই করবেন।
ফিফা জানিয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ শাস্তির মুখে পড়তে পারেন। পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধেও আর্থিক জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ফাইনালে আর্জেন্টিনার আগ্রাসী আচরণ নিয়ে সমালোচনা হয়। ম্যাচের শেষদিকে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেস। শেষ বাঁশির পর স্পেনের উদযাপনের সময় নাউয়েল মলিনা রদ্রিকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা ও স্পেনের দানি ওলমোর মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডাও হয়।
এদিকে ম্যাচ শেষে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরার অভিযোগে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়ায়। তবে পরে ফিফা বিষয়টি স্পষ্ট করে জানায়, ম্যাচ-পরবর্তী ঘটনায় পারেদেসের বিরুদ্ধে মাঠে কোনো লাল কার্ড বা তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এ সংক্রান্ত তথ্য আনুষ্ঠানিক ম্যাচ রিপোর্ট থেকে প্রত্যাহার করা হয়েছে।