তিন দিন বন্ধ থাকার পর সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া পর্যটক
তিন দিন বন্ধ থাকার পর আবারও সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে পাঁচটি জাহাজ ১ হাজার ৮৭০ জন পর্যটক নিয়ে দ্বীপটির উদ্দেশে রওনা হয়।
সকাল ৭টা থেকে ৮টার মধ্যে পর্যায়ক্রমে জাহাজগুলো যাত্রা শুরু করে। বিকেল সাড়ে ৩টায় সেন্ট মার্টিনে আটকে থাকা আট শতাধিক পর্যটককে নিয়ে জাহাজগুলো কক্সবাজারের উদ্দেশে ফিরবে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক দ্বীপটিতে আটকা পড়েন। পরে তাঁদের মধ্যে অন্তত ৬৮০ জন ১৬টি কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরে আসেন। তবে আট শতাধিক পর্যটক দ্বীপটিতে আটকে ছিলেন।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার সকাল থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে পাঁচটি জাহাজে করে ১ হাজার ৮৭০ জন পর্যটক সেন্ট মার্টিনে গেছেন।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম। তাঁর ভাষ্য, তিন দিন ধরে পর্যটকেরা ফেরার জন্য আকুতি জানাচ্ছিলেন। জাহাজ চলাচল শুরু হওয়ায় এখন তাঁরা স্বস্তি প্রকাশ করছেন।