সর্বজনীন পেনশনে ৫৫ বছরেই পেনশন, টাকা তোলার সুযোগসহ নতুন প্রস্তাব
সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে একাধিক নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন পাওয়ার সুযোগ, জরুরি প্রয়োজনে নির্দিষ্ট শর্তে কর্মসূচি থেকে বের হয়ে জমা অর্থ তোলার সুবিধা এবং পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
পর্ষদ প্রস্তাবগুলো অনুমোদন করলে পরবর্তী সময়ে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
বর্তমানে সর্বজনীন পেনশন ব্যবস্থায় চারটি স্কিম চালু রয়েছে। এগুলো হলো—প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস। কর্মজীবী, অনিয়মিত আয়ের মানুষ এবং প্রবাসীদের পেনশন সুবিধার আওতায় আনতে ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চালুর প্রায় তিন বছর পর চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নিবন্ধিত হয়েছেন। তাঁদের জমা করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।
নতুন প্রস্তাবগুলো অনুমোদিত ও বাস্তবায়িত হলে পেনশন পাওয়ার বয়স কমানো, জরুরি প্রয়োজনে অর্থ ব্যবহারের সুযোগ এবং পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রীর আর্থিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে সুবিধা বাড়তে পারে।