কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলে চমক দেখানো মরক্কো এবারও বড় স্বপ্ন নিয়েই মাঠে নামছে। ২০২৬ বিশ্বকাপে নিজেদের অন্যতম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার (২৬ মে) ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন মরক্কো জাতীয় দলের কোচ মোহাম্মদ ওহবি।
আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে মরক্কোর প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি। শক্তিশালী দল গঠন করায় এবারের আসরেও মরক্কোকে অন্যতম ‘ডার্কহর্স’ হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকেরা।
ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন ইয়াসিন বুনু, মুনির এল কাজুই ও আহমেদ রেদা তাগনাউতি। রক্ষণভাগে রয়েছেন আশরাফ হাকিমি, নুসায়ের মাজরাউই, নায়েফ আগুয়ের্দ, শাদি রিয়াদ ও ঈসা দিওপের মতো তারকারা।
মাঝমাঠে দায়িত্ব পালন করবেন সোফিয়ান আমরাবাত, আজুদ্দিন উনাহি, বিলাল এল খানুস ও ইসমাইল সাইবারিরা। আর আক্রমণভাগে দলের ভরসা ব্রাহিম দিয়াজ, আব্দে ইজ্জালজুলি, সৌফিয়ানে রাহিমি ও আইয়ুব এল কাবির ওপর।
এছাড়া রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে এল মেহদি আল হারার, আমিনে সাবি ও মারওয়ান সাদানেকে।
আগামী ১৪ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। এরপর ২০ জুন স্কটল্যান্ড এবং ২৫ জুন হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে অ্যাটলাস সিংহরা।