এক দিনে দুই জয়, ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল উৎসবের কোয়ার্টারে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ উৎসবে এক দিনেই দুটি জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (২৮ অক্টোবর) আজারবাইজানে সকালে সিশেলসকে এবং বিকেলে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।সকালে সিশেলসের বিপক্ষে ম্যাচে শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল করে সমতা ফেরায় সিশেলস। এরপর ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে বাংলাদেশ ৪-২ গোলে জয় পায়। বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ হালদার প্রতিপক্ষের দুটি শট ঠেকিয়ে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।সিশেলসকে হারানোর পর বিকেলে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ে দুই দলই একটি করে গোল করায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে সিঙ্গাপুরকে হারিয়ে দিনের দ্বিতীয় জয় নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা।ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এই বৈশ্বিক ফুটবল উৎসবের আয়োজন করেছে। এতে ১৮৯টি দেশের দল ৩২টি গ্রুপে অংশ নেয়। বাংলাদেশের অবস্থান ছিল ‘সি’ গ্রুপে। ছয় দলের গ্রুপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ।গ্রুপ পর্বের অবস্থানের ভিত্তিতে এখন সমান অবস্থানে থাকা দলগুলোর মধ্যে নকআউট পদ্ধতিতে খেলা হচ্ছে। এই পর্বে সিশেলস ও সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। এ পর্যায়ের প্রতিযোগিতা শেষে ছয়টি চ্যাম্পিয়ন দল নির্ধারণ করবে ফিফা।