রাজশাহী মেডিকেলে শিশুর মৃত্যু: স্বাস্থ্যব্যবস্থার অব্যবস্থাপনার দায় এড়াবে কে?
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছর বয়সী শিশু আবু হুরায়রার মৃত্যুর ঘটনা দেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা ও অব্যবস্থাপনার চিত্র নতুন করে সামনে এনেছে। কুষ্টিয়ার দরিদ্র রিকশাচালক হৃদয় আলী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজের ছয় বছরের মেয়ে উম্মে খাদিজাকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন স্ত্রী সেলিনা বেগম ও দুই বছরের ছেলে হুরায়রা।
স্বামী ও মেয়ের চিকিৎসার জন্য ওষুধ কিনতে ব্যস্ত ছিলেন সেলিনা বেগম। ঠিক সেই সময় হাসপাতালের চারতলা ভবনের অরক্ষিত দোতলার বারান্দা থেকে নিচে পড়ে মারা যায় শিশু হুরায়রা। যে মা স্বামী ও সন্তানকে সুস্থ করে বাড়ি ফেরার স্বপ্ন নিয়ে হাসপাতালে এসেছিলেন, তাঁকে শেষ পর্যন্ত ফিরতে হয়েছে সন্তানের মরদেহ নিয়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে। মৃত্যুর সনদে লেখা হয়েছে ‘ব্রট ডেথ’। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এই ব্যাখ্যায় কি ঘটনার দায় শেষ হয়ে যায়? একজন শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় কি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র এড়াতে পারে?
ঘটনাটিকে শুধু একটি দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে দেশের স্বাস্থ্যব্যবস্থার অব্যবস্থাপনা, অবকাঠামোগত দুর্বলতা এবং প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সীমাবদ্ধতা।
কুষ্টিয়ায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল থাকা সত্ত্বেও একজন দরিদ্র রিকশাচালককে চিকিৎসার জন্য কেন রাজশাহী পর্যন্ত আসতে হলো, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ। জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং আধুনিক চিকিৎসাসুবিধার অভাবের কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রায়ই বিভাগীয় শহরের হাসপাতালগুলোর ওপর নির্ভর করতে হয়।
এর ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মতো বড় প্রতিষ্ঠানগুলোয় ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগীর চাপ তৈরি হচ্ছে। পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের মেঝে, বারান্দা এমনকি সিঁড়ির নিচেও অবস্থান করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রোগীর পাশাপাশি তাঁদের স্বজনদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।
সংবিধানে নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে রাষ্ট্র পরিচালনার অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ বাস্তবে দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরেই অবহেলিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, প্রতি এক হাজার মানুষের বিপরীতে অন্তত তিনটি হাসপাতাল শয্যা থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এ অনুপাত একেরও কম। একইভাবে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ থেকে ৬ শতাংশ বরাদ্দের আন্তর্জাতিক মানদণ্ড থাকলেও বাংলাদেশে বছরের পর বছর বরাদ্দ ১ শতাংশের নিচে রয়েছে।
স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বিনিয়োগ না বাড়ায় হাসপাতালের শয্যা, অবকাঠামো ও চিকিৎসাসুবিধা জনসংখ্যার অনুপাতে সম্প্রসারিত হয়নি। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়নি। ফলে বড় শহরের হাসপাতালগুলোয় রোগীর চাপ ক্রমেই বাড়ছে।
এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকেও প্রত্যাশিত সেবা পাওয়া কঠিন হয়ে উঠছে। সীমিত জনবল, অপ্রতুল সরঞ্জাম ও অতিরিক্ত রোগীর চাপের মধ্যে তাঁদের দায়িত্ব পালন করতে হচ্ছে। তবে চিকিৎসাসেবায় অবহেলা বা দায়িত্বহীনতার অভিযোগও উপেক্ষা করার সুযোগ নেই। রোগীর অধিকার এবং চিকিৎসকদের কাজের উপযুক্ত পরিবেশ—দুটিই নিশ্চিত করা জরুরি।
স্বাস্থ্যব্যবস্থার আরেকটি বড় সমস্যা হলো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধনির্ভর চিকিৎসাব্যবস্থার বিস্তার। অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর সুযোগ না থাকায় রোগীদের বাইরে যেতে হয়। কখনো যন্ত্রপাতি নষ্ট, কখনো দীর্ঘ অপেক্ষার অজুহাতে তাঁদের বেসরকারি প্রতিষ্ঠানে পাঠানো হয়। এতে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহুগুণ বেড়ে যায়।
চিকিৎসার মোট ব্যয়ের বড় অংশই নাগরিকদের নিজস্ব পকেট থেকে বহন করতে হয়। ফলে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ চিকিৎসা নিতে গিয়ে আরও বেশি আর্থিক সংকটে পড়ছেন। চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজন হলেও অনেকের কাছে তা এখন ব্যয়বহুল হয়ে উঠেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দোতলার বারান্দায় পর্যাপ্ত সুরক্ষাবেষ্টনী বা গ্রিল না থাকার বিষয়টিও গুরুতর প্রশ্ন তৈরি করেছে। একটি জনাকীর্ণ হাসপাতালের বারান্দায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার মতো ব্যবস্থা কেন থাকবে না? রোগীর স্বজনদের ওষুধ বা পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে যেতে হলে তাঁদের অনুপস্থিতিতে রোগী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার?
সেলিনা বেগমের ওষুধ কিনতে বাইরে যাওয়াটা ছিল হাসপাতালের চিকিৎসাপ্রক্রিয়ারই একটি স্বাভাবিক অংশ। কিন্তু সেই সময়টুকুতেই ঘটে গেল তাঁর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। একটি নিরাপদ হাসপাতাল পরিবেশ থাকলে এমন ঘটনা এড়ানো সম্ভব ছিল কি না, তা অবশ্যই তদন্ত করে দেখা প্রয়োজন।
শুধু মৃত্যুর সনদে ‘ব্রট ডেথ’ লিখে একটি ঘটনার প্রশাসনিক দায় শেষ করা যায় না। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্যব্যবস্থা আজ নানা সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনার মধ্যে চলছে। স্বাস্থ্য বাজেট বৃদ্ধি, জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার উন্নয়ন, হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণ, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
শিশু হুরায়রার মৃত্যু কেবল একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়; এটি দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি বড় ধরনের সতর্কবার্তা। প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার বারবার প্রশ্নের মুখে পড়বে।
লেখক: ফরিদ খান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।