আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধ নিহত, সড়কে বিক্ষোভকিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় নুরুজ্জামান আকন্দ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহাদিয়া পাঁচপীর মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নুরুজ্জামান আকন্দ বাহাদিয়া গ্রামের মৃত কদ্দুস আকন্দের ছেলে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাঁচপীর মাজারের সামনে দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পাশেই থাকা নুরুজ্জামান আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নুরুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা সড়কে নেমে বিক্ষোভ করেন। পরে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি ভাঙচুর করা হয় এবং একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়ক থেকে উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।তবে দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।