দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান তিনি। সেখানে শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন প্রধানমন্ত্রী। পরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের কথা রয়েছে তাঁর।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বাসযোগে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুর নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সফর সফল করতে দলীয় প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন।
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীর সড়ক ও রোড ডিভাইডার পরিষ্কার করে রং করা হয়েছে। ডিভাইডারে লাগানো হচ্ছে ফুলের গাছ। প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করে পরিচ্ছন্ন করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, শারদীয় দুর্গোৎসব কমিটি, সাংস্কৃতিক ঐক্য পরিষদ এবং জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বড় বড় ব্যানার টাঙানো হয়েছে।
প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য নির্ধারিত সড়কগুলোতেও সংস্কারকাজ চলছে। বিশেষ করে নগরীর ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে। এসব কার্যক্রম তদারকি করছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।
ভাওয়াইয়া গানের জন্য পরিচিত রংপুরে প্রধানমন্ত্রীকে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বরণ করতে প্রস্তুতি নিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) মহানগর ও জেলার শিল্পীরা। প্রস্তুতি নিয়েছে সাংস্কৃতিক ঐক্য পরিষদও।
এদিকে রংপুর মহানগর ও জেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জিয়া সংসদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সফর সফল করতে নানা প্রস্তুতি নিয়েছেন।
রাজধানীর বাইরে প্রত্যন্ত অঞ্চলে শারদীয় দুর্গোৎসব দেখতে প্রধানমন্ত্রীর এই সফরকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ ও দলীয় নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা আরও জোরালো হবে।
নগরীর আনন্দময়ী সেবাশ্রম মন্দিরের পূজামণ্ডপে সুবাস চন্দ্র বলেন, এর আগে প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন করতে দেখেননি তাঁরা। এবার রংপুরে এই আয়োজন হওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত। তাঁর ভাষায়, এটি তাঁদের জন্য পরম পাওয়া।
শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে দুর্গোৎসবে আসা জীবন ঘোষ বলেন, প্রধানমন্ত্রী রংপুরে এসে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং পূজামণ্ডপ পরিদর্শন করবেন—এটি তাঁদের জন্য আনন্দের। তাঁকে কাছ থেকে দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন। তাঁর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর আনন্দময় ও সম্প্রীতিপূর্ণ হবে।
রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পার্থ বোস বলেন, প্রধানমন্ত্রী তাঁদের মন্দিরে আসছেন, এতে তাঁরা অত্যন্ত আনন্দিত। তিনি সরেজমিনে প্রত্যন্ত অঞ্চলে শারদীয় উৎসবের আয়োজন দেখতে পারবেন এবং ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করবেন—এটি তাঁদের জন্য বিশেষ প্রাপ্তি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ইতোমধ্যে ৫১ বিজিবির অধিনায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। তাঁর সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও আগ্রহ বেশি। সম্প্রীতির বার্তা নিয়ে প্রধানমন্ত্রী শারদীয় উৎসবে রংপুরে এসেছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এ ছাড়া রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে আরও ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই অঞ্চলের উন্নয়নে আরও পরিকল্পনা রয়েছে। সেগুলো বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বঞ্চনা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।