পানামায় ফের ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে ক্ষতিগ্রস্ত ৯০০ বাড়িঘর
মধ্য আমেরিকার দেশ পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার এ ভূকম্পন আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।
ইএমএসসির তথ্য অনুযায়ী, নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে।
এর আগে গত শুক্রবার পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির মধ্যাঞ্চলীয় কয়েকটি প্রদেশে শত শত বাড়িঘর ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতির অবনতি হলে জরুরি অবস্থা ঘোষণা করে পানামা সরকার।
শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর থেকে দেশটিতে ৩০০টির বেশি মৃদু ভূকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে নতুন করে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পানামার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহের কাজ চলছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও এরেরা। এসব এলাকায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।