‘বিএনপিকে চাঁদাবাজ বলার’ বক্তব্য নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর দক্ষিণ মানিকদীতে একটি আবাসন প্রকল্পে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে চাঁদাবাজ বলার বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হলে সেই বক্তব্যের বিচার জনগণ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে ঘটে যাওয়া ঘটনায় চাঁদাবাজির কোনো ঘটনা ছিল না। তাঁর বক্তব্য অনুযায়ী, সালমান মুক্তাদিরও জানিয়েছেন, তাঁর কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি।
ঘটনাটির তদন্ত চলছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে যে পক্ষেরই কেউ জড়িত থাকুক না কেন, তদন্তের আওতায় আনা হবে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল বা এ ধরনের ঘটনা ঘটছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্বৃত্তায়নের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে তার পরিচয় দিয়ে বিবেচনা করা হবে না। ক্যান্টনমেন্ট থানার একটি জমি দখলের ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার ও আলামত সংগ্রহ করেছে বলেও জানান তিনি।
এ ছাড়া মামলা দায়েরের প্রক্রিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো অভিযোগ পাওয়ার পর সেটি সরাসরি মামলা হিসেবে নথিভুক্ত করা হয় না; প্রাথমিক তদন্তের পর আইন অনুযায়ী মামলা রুজু করা হয়।