এআই দিয়ে নারী সেনার পরিচয়, প্রেমের ফাঁদে প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ
ঢাকা প্রতিনিধি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে ওই পরিচয় ব্যবহার করে ইতালিপ্রবাসী এক তরুণ ও তাঁর পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা।
পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি তোফায়েল আলম টিটু (৩৫)। গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে ইতালিপ্রবাসী শাহাদাত খানের সঙ্গে টিটুর পরিচয় হয়। ওই পেজে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো।
অভিযোগ রয়েছে, নারী সেনা সদস্যের পরিচয় দিয়ে এবং নারীকণ্ঠে ফোনে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন টিটু। পরে বিভিন্ন কৌশলে শাহাদাত ও তাঁর পরিবারের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়।
পরবর্তীতে শাহাদাত ও তাঁর মা বিষয়টি প্রতারণা বলে বুঝতে পারেন এবং থানায় মামলা করেন। তদন্তে আর্থিক লেনদেন ও বিভিন্ন নথি বিশ্লেষণ করে টিটুর সংশ্লিষ্টতা শনাক্ত করে পিবিআই।
পিবিআই আরও জানিয়েছে, টিটু নারীকণ্ঠে কথা বলতেন এবং মেসেঞ্জারে পরিচয়ের পর ইমোতে ওই তরুণের সঙ্গে নারীকণ্ঠে যোগাযোগ করতেন। একপর্যায়ে নিজের মায়ের অসুস্থতার কথা বলেও টাকা নেওয়া হয়।
মামলায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং আত্মসাৎ করা অর্থের বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।