লোডশেডিং ও ‘ভৌতিক’ বিল নিয়ে ক্ষোভ, গ্রেপ্তার যুবককে ছাত্রলীগকর্মী বলছে পুলিশ
অসহনীয় লোডশেডিং ও কথিত ‘ভৌতিক’ বিদ্যুৎ বিল নিয়ে সরকারপ্রধানকে কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করার অভিযোগে গাজীপুরের যুবক সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ তাকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে দাবি করেছে। তবে গ্রেপ্তারের পর তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার সিফাতকে আটকের পর শুক্রবার দুপুরে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। পরদিন শনিবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী সমকালকে বলেন, গত চার থেকে পাঁচ মাস ধরে সিফাত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। তাঁর নেতৃত্বে একটি ঝটিকা মিছিলের প্রস্তুতি চলছিল। ওই কর্মসূচির পুরো ব্যয়ও সিফাত বহন করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এসব তথ্যের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে পুলিশে দাবির সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলীর নাছের খান। তাঁর দাবি, সিফাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইনকিলাব মঞ্চের সমর্থক। বিএনপি, ছাত্রদল ও পুলিশ মিলে ‘মব’ করে তাঁকে ধরে থানায় নিয়ে গেছে। এর মাধ্যমে সরকার ও পুলিশ ‘ভয়ের রাজত্ব’ কায়েম করছে বলেও অভিযোগ করেন তিনি।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার গুলমাইজ গ্রামের সিকান্দার শিকদারের ছেলে সিফাত আব্দুল্লাহ। তিনি গাজীপুর মহানগরের খাইলকৈর এলাকায় নিজ বাড়িতে মা ও বোনের সঙ্গে থাকেন।
সিফাতের খালু জিলানী জানান, তাঁর বাবা দুবাইয়ে থাকেন এবং বর্তমানে অসুস্থ। তাঁর ভাষ্য, দীর্ঘ সময়ের লোডশেডিং এবং বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় সিফাত ক্ষুব্ধ ছিলেন। আগে তাঁদের বাড়িতে বিদ্যুৎ বিল তুলনামূলক কম এলেও লোডশেডিং বাড়ার সঙ্গে সঙ্গে বিলও বেড়ে যায় বলে তিনি দাবি করেন।
তবে সিফাতের বাড়িতে অতিরিক্ত বা অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার অভিযোগ নিশ্চিত করেনি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
পল্লী বিদ্যুতের বোর্ড বাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আহসান কবীর বলেন, শনিবার সকালে বিশেষ একটি দল সিফাতের বাড়িতে গিয়ে মিটার পরীক্ষা করেছে। পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া যায়নি। বিষয়টি আরও নিশ্চিত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।