মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি ইরানের
দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জোলফাগারি এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে দেওয়া এক ভাষণে তিনি এ দাবি করেন।
জোলফাগারি বলেন, ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের অবকাঠামো, সামরিক স্থাপনা, অস্ত্র ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ মার্কিন কমান্ডার ও সেনা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে ইরানের আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকবে।
ইরানের এই সামরিক কর্মকর্তা আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে এর জবাবে আরও ‘ভারী, ব্যাপক ও ধ্বংসাত্মক’ প্রতিক্রিয়া জানানো হবে।
এ ছাড়া মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতা করা যেকোনো দেশকেও এর ‘বিপজ্জনক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন জোলফাগারি।
সূত্র: আল জাজিরা