বন্যায় ভেসে আসা নারীর লাশ থেকে সোনার দুল চুরি, নেপালে গ্রেপ্তার ২
নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে যখন সহস্রাধিক মানুষের মৃত্যু ও নিখোঁজের ঘটনায় শোকের ছায়া, তখন সামনে এসেছে অমানবিক এক ঘটনার খবর। বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল খুলে নেওয়ার অভিযোগে নেপালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক ক্ষোভের পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। চিতওয়ান জেলা পুলিশের বরাত দিয়ে নেপালি সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে, বৃহস্পতিবার ভরতপুর মেট্রোপলিটন সিটির ১ নম্বর ওয়ার্ডের পোখারা বাস পার্ক এলাকা থেকে দুজনকে হেফাজতে নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নারায়ণী নদীর পানিতে ভেসে আসা এক নারীর মরদেহ কয়েকজন ব্যক্তি কাঠের তক্তা ও চুল ধরে নদীর কিনারায় তুলে আনছেন। পরে সবার সামনেই দুজন ব্যক্তি মরদেহটির দুই কান থেকে সোনার দুল খুলে নিয়ে যান। এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি পুরো ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন।
ভিডিওটি পুলিশের নজরে আসার পর তদন্ত শুরু হয়। পরে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন—মদন গুরুং (২৫) ও উমেশ চৌধুরী (৩৮)।
নেপাল পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দুর্যোগের এমন চরম পরিস্থিতিতে দুর্গত বা নিহত মানুষের সঙ্গে লুটপাট কিংবা কোনো ধরনের অমানবিক আচরণ বরদাশত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, নেপাল বর্তমানে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সঙ্গে লড়ছে। তিব্বত সীমান্তে আকস্মিক প্লাবন ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ঘটেছে। উদ্ধারকর্মীরা কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছেন। বন্যার পানির তোড়ে নদীতীরবর্তী বহু ঘরবাড়ি, গ্রাম ও সেতু ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
সীমান্তের অপর পাশে চীনের তিব্বত অঞ্চলেও পরিস্থিতির অবনতি হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জিরোং সীমান্ত পয়েন্টে শক্তিশালী কাদা-পাথরের স্রোত আঘাত হানে। এতে জিরোং পোর্টের একটি বহুতল প্রশাসনিক ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং বাস পার্কিং এলাকা কাদায় তলিয়ে যায়। কোথাও কোথাও প্রায় ১ দশমিক ৫ মিটার পুরু কাদার স্তর জমেছে।
বন্যা ও ভূমিধসে সীমান্তের প্রধান সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে। এর মধ্যে বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কাও তৈরি হয়েছে।